About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests


উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
পদ্যপাতায় ছন্দ-শিশির – আশ্বিন ১৪৩৩
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

পদ্যপাতায় ছন্দ-শিশির – আশ্বিন ১৪৩৩
এই পাতায় রয়েছে নানা স্বরের কবিতা — নরম, তীব্র, অকপট। এগুলো অনুভবের কথা বলে, অনুভূতির আশ্রয় হয়ে ওঠে। এই কবিতাগুলো ফিরে ফিরে পড়ার জন্য, মনে রাখার জন্য।
কোনো কবিতা মন ছুঁয়ে গেলে, সেই কবিতার শেষে থাকা আইকনে ক্লিক করে আপনি তা প্রকাশ করতে পারেন — নীরব এক উৎসাহ, যা কোনো শব্দ ছাড়াই কবির কাছে পৌঁছে যায়।
বিঃদ্রঃ কবিতাগুলি সম্পাদকীয় বিবেচনার ভিত্তিতে নির্বাচিত ও প্রকাশিত, এবং জমা পড়ার সময় অনুসারে বিন্যস্ত। ক্রমিক সংখ্যা বা অবস্থান তাদের মান, গুরুত্ব বা সম্পাদকীয় অগ্রাধিকার নির্দেশ করে না।

কোনো নির্দিষ্ট কবিতায় সরাসরি পৌঁছতে কবির নামের ওপর ক্লিক করুন —


পাগল দার্শনিক
প্রতীক মিত্র
রামিজ আলি খাঁন
মৃন্ময় সরকার
মলয় সরকার
বিশ্বনাথ বসাক
তীর্থ মুখার্জী
অরবিন্দ নাহা
ওয়াহেদ কাজী
অনুপ্রীতি বোড়েল
বিশ্বজিৎ মানিক
নিখিল চক্রবর্তী
অপরাধী মাজেদ
মানস করমহাপাত্র
আবরারুল হক মনির
সুব্রত মুন্সী
সন্দীপ গাঙ্গুলী
টিনটিন


কবিতা ১


আকাশ

পাগল দার্শনিক

সুনীলদা পাহাড় কিনতে পেরেছিলেন কিনা —
সে খবর ইতিহাস জানে,
আমার জানা নেই।

তবে এ বছরের দুর্গাপুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে
আমার ইচ্ছে কেবল, নতুন জামা কাপড় নয়,
একখণ্ড নয়, একটি প্রকাণ্ড আকাশ কেনার।
ধূসর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো
গভীর অথচ দীপ্ত — এক আকাশ,
যার গায়ে সন্ধ্যার রক্তিম ছোপ
আর ভোরের নীল নৈঃশব্দ একসঙ্গে লেগে থাকে।

ছোটবেলা থেকেই
আমি তার দাম হিসেবে জমাচ্ছিলাম —
একটি করে আধুলি,
একটু করে বিস্ময়,
একটু করে একাকীত্ব,
আর অনেকটা নীরব স্বপ্ন।
এখন পঞ্চাশ পেরিয়ে ষাঠের দিকে হাত বাড়িয়েছি,
এতদিনে মনে হয় হিসেব মিলেছে —
এই মুদ্রায় নিশ্চয়ই আকাশ কেনা যায়।

সেই আকাশে আমার স্বপ্নগুলি ইচ্ছে খুশি উড়বেই
নীল হাওয়ার বুক চিরে ওঠা
সমুদ্রের স্ফীত, মাতাল বেলুনের মতো সাদা মেঘেরা —
কখনো চাঁদের পাহাড়ে ঠেস দিয়ে,
কখনো তারাদের মাথায় মাথায়
দুরন্ত শকুনের মতো উড়িয়ে নিয়ে যাব দূর দিগন্তে।
যে নক্ষত্রেরা হাজার হাজার বছর আগে
নিভে গিয়েছে অজানা অন্ধকারে,
আমি জানলার ভেতর থেকে হাত বাড়িয়ে
এক এক করে আবার সাজিয়ে দেব —
ইচ্ছে মতো, অবহেলায়, মমতায়।

এই আকাশে মৃত্যু নেই,
তারাখসা নেই,
আছে কেবল পুনরাবিষ্কার —
জীবনের মতোই ধীর,
জীবনানন্দের রাতের মতোই গভীর।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি পাগল দার্শনিক পেয়েছেন সর্বমোট ৬ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ২


মেলাতে পারি না

প্রতীক মিত্র

মেলাতে পারি না।
অন্ত্যমিল থাকে না।
ঘেমো দিন যাপন
কতটা কাব্যময় হতে পারে?
জানলার কাছে
আকাশ খুলে রাখা আছে।

আখ্যানের এইটুকুই সব নয়।
দীর্ঘ পথ জুড়ে
দাবী-দাওয়া-আপোষ ছড়ানো।
সেগুলো কুড়িয়ে,
সুগন্ধি ফুলের মতন মাড়িয়ে
মেলে না, তবু বেশ কিছু জিনিস মেলে না।

চরিত্র আসে-যায়
কিছু প্রাসঙ্গিকতার ভারে গ্যাঁট হয়ে বসে,
কিছু বিস্মৃতির মতন ভাসে হাওয়ায়।
বন্ধু ভেবে যারা বাড়ায় হাত
তাদের জন্য যদি
রাখতে পারতাম কোনো নদী
সম্ভাবনার কিম্বা সঞ্চিত আবেগের খয়রাত!

সময় ছকে দেয় সীমানা।
আগামীর নকসাও যেন তার জানা।
চিত্রকল্প গল্পে কতটা বদল পারে?
মেলে না, অন্ত্যমিল থাকে না।
ঘেমো দিন কি আদৌ কাব্যময় হতে পারে?

ভালো লাগলে উৎসাহ দিন
কবি প্রতীক মিত্র পেয়েছেন সর্বমোট ৩ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ৩


সেদিনের কথাগুলি

রামিজ আলি খাঁন

সেদিনের সেই আজগুবি কথাগুলিকে
আজ একটু একটু করে বুঝতে শিখেছি;
কতটা কঠোর হয়ে সেই শব্দগুলো,
আমার সব ব্যঙ্গ-বিদ্রূপকে
আপন করে নিয়েছিল —
প্রভাতের কিরণ আসতেই
তা চকচক করছে নজরে৷

নক্ষত্রের সমাবেশে,
সেই অক্ষরগুলির দীপ্তি,
কেন জানি না,
রামধনু হয়ে ওঠেনি সেইদিন?
সুর-তাল-নাচের ছন্দময় কাব্যে-বেমানান,
বেসুরো,অস্পষ্ট আর অতিরিক্ত হয়ে
চুপ থাকার কৌশলটি
তারা বেশ রপ্ত করে নিয়েছিল!

কান্না যে পায় নি, তা নয়;
তবে অশ্রু আসে নি কোনোদিন৷
তবুও ঘোমটায় মুখটিকে ঢেকে
সেদিনের সেই বর্ণমালাগুলি
শক্তিহীন হয়ে থেকেছিল;
শুধু এই বিশ্বাসে যে,
একদিন ঠিক প্রস্ফুটিত হবে বসন্ত এলে৷

আদালতে সেদিনও বিচার বসেছিল,
দলিল শুনে সবাই হেসেছিল;
মান-অভিমানের কুরুক্ষেত্রে
শুধু জয়-পরাজয়েরই গুরুত্ব বেড়েছিল৷
নগ্নতার তামাশায়
পোশাকের সরু সুতোগুলো ঢিলে হয়ে পড়েছিল;
আরও সুন্দর অনুভূতি দিতে!

আজ সেই কথাগুলোকে তাই
বেশ গাঢ় গাঢ় মনে হচ্ছে৷
হঠাৎ যেন কে তাদের কলেবর বাড়িয়ে দিয়েছে৷
হাসি-ঠাট্টার সঠিক সময়টি এখনই এসেছে৷
কিন্তু মন অসহায় হয়ে বুঝতে চায়ছে —
কোনটা ছায়া আর কোনটা মরীচিকা?

ভালো লাগলে উৎসাহ দিন
কবি রামিজ আলি খাঁন পেয়েছেন সর্বমোট ১৩ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ৪


অন্ধ সমাজের নস্টালজিয়া

মৃন্ময় সরকার

চোখ বাঁধা প্রজন্মের নির্ভুল দাবার চালে
শৃঙ্খলিত মন্ত্রী, কখনো নৌকা, কখনো গজ —
সাত সমুদ্র পেরিয়ে পরাজিত অন্ধ সমাজ।
যেন চায়ের কাপের তলানিতে পড়ে আছে
সুগার-লেস শুষ্ক চুম্বন।
সপ্তলোক ছাড়িয়ে প্রতিভার আলো,
তবু নরম কাদার মতো অঙ্কে কাঁচা
এই নস্টালজিক সমাজে প্রতিষ্ঠিত প্রতিভা
অন্ধের জয়ের মতো মুগ্ধ।

শার্টের বোতাম খুলে বৈশিষ্ট্যহীন জন্মদাগটি
চোখে আসার মতো;
বাকি সব থৈথৈ জলে
উৎসাহহীন হাবুডুবু সমাজব্যবস্থা।
রাজা আর প্রজায় শুধু আড়াই চালের সম্পর্ক।
দাসত্বের জীবনে পত্রালাপ
যেনভুল করে সর্বনাশ ডেকে আনা।

গন্তব্যহীন জলপথ — নিশ্চিত নীলনদ,
অথবা অরুন্ধতীতে শিমুল তুলোর মতো
মিশে যাবে; আঙুলে বাঁধা ঘুড়ির মতো,
উড়ে যাবে ভবিষ্যৎ।
পানপাতায় ঢাকা সমাজে,
ক্ষতবিক্ষত ঠোঁটের পদচিহ্নে
আদর মাখাবে গালে।
অনায়াসে বুঝে যাবে,
মুগ্ধতায় মিশে আছে মিসিসিপি।
অন্ধ প্রেমিক সমাজের বুকে
তিল ছাড়া পায়নি কিছু আর।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি মৃন্ময় সরকার পেয়েছেন সর্বমোট ৩ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ৫


আমার দুঃখেরা

মলয় সরকার

সন্ধ্যার অন্ধকার নামলেই,
তার সাথে ঝুপ ঝুপ করে নামে —
অদৃশ্য দুঃখের ধারাপাত।
ধীরে ধীরে কিলবিল করে
ঢুকে পড়ে স্থানু শরীরে।
বিছানায় বিষাদের বালিশ মাথায় দিই,
বিষাদময়ী ঘুমায় পাশেই।
দুঃখেরা দাপাদাপি করে সারারাত
অতৃপ্ত বিছানা জুড়ে।
ভোরের আলোয় ভৈরবী বাজে,
কোথায় লুকিয়ে পড়ে দুঃখের দল।
আমি গালে মুখে সুখের পাউডার ক্রীম মাখি;
নিজেকে মিশিয়ে দিই —
সারাদিনের সুখের বাজারে।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি মলয় সরকার পেয়েছেন সর্বমোট ৫ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ৬


ম্যাজিক

বিশ্বনাথ বসাক

যদি ম্যাজিক হতো
খুশিটাকে ব্যাগে পুড়ে ছুঁড়ে দেব দুখীর কোলে,
হাসির মুখোশ পরিয়ে থামিয়ে দেব
কান্নার আর্তনাদ।
বালির শুষ্ক নীরবতায়
হঠাৎ জল বেলুনের ফোয়ারায়
ওই যে শুনি,
নতুন সাগরের উল্লাসের সংবাদ।

কাগজের প্লেনটাকে উড়িয়ে
খবর নেব পাখীদের;
বৃষ্টির সিঁড়ি বেয়ে উঠে দেখবো
মেঘেদের ঘরটাকে।
মেরুরেখায় চেপে —
পৃথিবীর হৃদস্পন্দন আসবো শুনে;
ফুলে ফুলে ভ্রমরের গল্প-ছায়ায়,
ছোঁব তাদের মনটাকে।

সব অযাচিত মিথ্যেকে
সত্যের দ্বারা সম্মোহিত করি,
ভালোবাসার পরমাণুর বিস্ফোরণে
হিংসার বিনাশ ঘটে।
এমন এক আশ্চর্য প্রদীপের আলোয়
অন্যায় অদৃশ্য হয়।
একটা আগুনের ফুলকি মশাল হয়ে জ্বলে ওঠে।

আয়নার ওপারের শহরটায়
এক লাফে চলে যাই,
রিমোট দিয়ে পর্দায় শৈশবটাকে একবার দেখি —
ইচ্ছের ট্রাম লাইনে
রেলগাড়ির শব্দ শোনার ইচ্ছা পূরণ।
রামধনুর রং নিয়ে এসে
হই দোল উৎসব মুখী।

ছেঁড়া তারের ঐ গিটারে
মন পাখির সুর বেজে ওঠে আগামীর।
গল্প পড়ি —
কোনো এক অনামী বইয়ের ভেতর
সোনার কাঠির ছোঁয়ায় পাই
কোনো প্রাণ বিন্দুর স্পর্শ।
কানামাছি খেলে হঠাৎ খুঁজে ফেলি —
পরশ পাথর।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি বিশ্বনাথ বসাক পেয়েছেন সর্বমোট ৩ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ৭


অজানা ঠিকানা

তীর্থ মুখার্জী

মিথ্যে বোনা জালে আমি
জড়িয়ে আজকাল,
প্রতারণার ঠান্ডা স্রোতে
হারিয়েছি যে তাল।
শুকনো বুকের ওঠানামা
শুধুই দীর্ঘশ্বাস,
দ্রবীভূত হৃদয় আমার
ধোঁয়ায় যে হাঁসফাঁস।
খেলা চলে জিতিয়ে দেওয়ার,
এই তো অন্ধকার,
হেরে গিয়েও বিজয় মিছিল
হাঁটার অধিকার।
সূর্য ডুবলে সময় তখন
রাতের নাগালে,
সন্ধ্যে হলেই তৈরি থাকে
সব আলোর আড়ালে।
কোন মুখোশের আড়ালে
কোন মানুষের মুখ,
অত্যাচারের অস্ত্র দিয়ে
ছিনিয়ে নেয় সে সুখ।
তীব্র লোভের জ্বালায় বাঁচে
মানুষগুলো আজ,
বিবেক বেচে স্বার্থ কেনে,
এ কেমন সমাজ?
সত্যের কণ্ঠ রুদ্ধ করে
চলে মিথ্যার জয়গান,
মানুষ আজ নিজের কাছে
নিজের ভগবান।
আয়নাতে মুখ দেখে আজ
যায় না কেন চেনা,
কোন পথে যে হাঁটছি সবাই,
গন্তব্য আজ অজানা।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি তীর্থ মুখার্জী পেয়েছেন সর্বমোট ৫ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ৮


নাস্তিক

অরবিন্দ নাহা

কেউ যদি আমাকে নাস্তিক বলেন
বলতেই পারেন,
কারণ,
আমি প্রতিমাকে মা বলে মনে করি না!

মাত্র ক'টা দিন ধোপ-দূরস্ত পোশাক পড়ে
হাতে ফুল-বেল পাতা নিয়ে
তার সামনে জোড়-হাতে অবোধ্য মন্ত্র উচ্চারণ করে
যার অর্থ আমি বুঝিনা —
জানিনা প্রতিমাও বোঝেন কিনা!

অঞ্জলি দিয়ে নিজের পাপস্থালন?
— অসম্ভব।
তাতে কেউ যদি আমাকে নাস্তিক বলেন —
বলতেই পারেন।
যারা গর্ভধারিণী মাকে খেতে দেয় না,
মায়ের সম্পত্তি গ্রাস করবে বলে
তার মৃত্যুর প্রত্যাশায় দিন গোনে
শুধুমাত্র স্ত্রী-পুত্র নিয়ে সুখে থাকবে বলে —
তারা নাস্তিক।

আমি বরং পথের ধারে বসে থাকা
কোন এক অভুক্ত মাকে
যদি একবেলা পেট ভরে খাওয়াতে পারি —
সেটাই হবে আমার
বিশ্বের সমস্ত গর্ভধারিণী মাকে দেওয়া
শ্রেষ্ঠ পুষ্পাঞ্জলি।

তারপরও যদি আমাকে কেউ নাস্তিক বলেন —
বলতেই পারেন।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি অরবিন্দ নাহা পেয়েছেন সর্বমোট ২০ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ৯


স্মৃতির বালুচরে

ওয়াহেদ কাজী

অচেনা পথেই তবে হেঁটে যায় মন,
অজানা মেঘের দেশে স্মৃতির গুঞ্জন।
যে কথা রয়নি মুখে নীরব ভাষায়,
খুঁজে ফিরি তারে আজ কোনো এক আশায়।

অভিমানের বালুচরে স্বপ্নের ভিড়,
দমকা বাতাসে ভাঙে হৃদয়ের নীড়।
স্মৃতির পাতায় জমে কাচের মত,
যতনে রাখা আছে ভালোবাসা যত।

ভাঙা গড়া খেলায় কাটে অলস প্রহর,
থমকে দাঁড়িয়ে আছে বিষাদের শহর।
অপেক্ষা লেখা থাকে সময়ের গায়ে,
দূরত্ব বাড়ে রোজ চেনা দুটি পায়ে।

বুকভাঙা হাহাকার বাতাসে ভেসে,
আশ্রয় খুঁজে ফেরে কোনো দূর দেশে।
অকূলে ভাসিয়ে তরী খুঁজি কিনারা,
রাতের আকাশে আজও আমি দিকহারা।

যদি কোনো দিন ফের দেখা হয়ে যায়,
পুরোনো বচনে যেন মন না হারায়।
ক্ষতের দাগেই থাক প্রেমের স্বাক্ষর,
নিঝুম আঁধারে জ্বলুক ভালোবাসার অক্ষর।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি ওয়াহেদ কাজী পেয়েছেন সর্বমোট ৫ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ১০


সেই প্রেমিক কে

অনুপ্রীতি বোড়েল

আমি যে কী ভীষণভাবে তোমায় চাই,
তুমি যদি জানতে!

যেদিন তোমার ফোন কল আমার ঘুম ভাঙায়,
সেই দিনগুলোতে হাজারো শোকসভা
আমার দিনটাকে ধূসর করতে পারে না।
তোমার জন্য মন কেমন করা বিকেলগুলোতে
ছাদে যাই, পাখি দেখি। তুমি জানো না,
পরিযায়ী হতে ইচ্ছে করে আমার।

লাস্যময়তা আমার আসে না,
স্বভাবতই আসে না।
কিন্তু তুমি জানো না,
তোমার জন্য কী ভয়ঙ্কর সাহসী হতে পারি আমি।
আমি সাদা রং ভালোবাসি,
কিন্তু প্রখর গ্রীষ্মের রক্তাভ কৃষ্ণচূড়া
আমায় ভালোবাসতে শিখিয়েছে।
এক পৃথিবী ভালোবাসা বিলিয়েও
ভীষণ রকম দুঃখবিলাসী আমিটাই
বড্ড হিংসুটে।

তুমি জানো না,
তোমায় ভালোবেসে
কত অহংবোধকে জয় করেছি আমি।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি অনুপ্রীতি বোড়েল পেয়েছেন সর্বমোট ৭ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ১১


ক্ষমতা কখনো অমর নয়

বিশ্বজিৎ মানিক

জীবন ভাগ করা উঠোনে ঘুঁটি সাজিয়ে বসে,
প্রত্যেকের চোখে জয়ের গোপন সাধ।
কেউ রাজা হয়ে ধীর পায়ে চলে,
কেউ সৈনিক হয়ে এগিয়ে যায়,
ফিরে আসার অধিকার নাই তার।

মন্ত্রীর ভুল চালে অনেক স্বপ্নের মৃত্যু,
ঘোড়া বাঁকা পথে লাফিয়ে যায় উন্মাদনায়।
তার গন্তব্য ঠিক করে দেয় অন্য কেউ।
হাতি সোজা পথে হাঁটে,
সব পথ সবার জন্য নয়।
নৌকা চলে ত্রাণকার্যে।

সময়ের নির্দেশে মন আর বুদ্ধি এক না হলে
কাটা পড়ে, বদলে যায় সম্পর্কের সমীকরণ।
কখনো নিজের মানুষকেই উৎসর্গ করে
জয়ের আশায় —
জয়টাও আসলে পরাজয়।

শেষে রাজাকে ঘিরে
যখন সব রাস্তায় কিস্তি পড়ে,
তখন বোঝা যায়,
ক্ষমতা কখনো অমর নয়।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি বিশ্বজিৎ মানিক পেয়েছেন সর্বমোট ৪ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ১২


মাঝি ও যাত্রী

নিখিল চক্রবর্তী

মাঝি! উত্তালতায় ধ্বংস চেয়ে
কোন তরঙ্গ তোমার নায়ে
হানছে গোলা-শেল,
চাইছে কাড়তে হিংস্র হাতে
তোমার নায়ের প্রতিবাদী হাল?
কোন তুফান দিচ্ছে ছিঁড়ে মুক্ত পাল
স্তব্ধ করতে যাত্রী পারাপার?

যাত্রী, তুমি ঢেউ-তুফানের ভয়াল রূপে
হচ্ছ কেন কাতর?
এ তো নিত্যদিনের লড়াই মোদের
নদীর কোলে উথাল জলে।
দেখছো না, হচ্ছে সারাই ব্যস্ত হাতে
নায়ের ফুটোয়, হালে, পালে,
উঁচিয়ে ওঠা লক্ষ হাতে
তোমার আমার সাথি হয়ে সামাল দিতে
পারাপারে বাধার প্রতিকূলে।

দেখছি, মাঝি, দাঁড়িয়ে কূলে অবাক চোখে,
তুমুল জঙ্গে, তুফান-তরঙ্গে তোমার সঙ্গে
আসছি ছুটে শঙ্কা ছেড়ে বাধা তোড়ে
সওয়ার হতে তোমার নায়ে
অপর পারের নাগালে।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি নিখিল চক্রবর্তী পেয়েছেন সর্বমোট ১১ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ১৩


ক্ষুধার্ত

অপরাধী মাজেদ

আমি চক্ষুসম্মুখে যা পাই,
তাই গিলে খাই।
আমি ক্ষুধার্ত — ক্ষুধার্ত কুকুর যেমন
রাস্তার পাশে পড়ে থাকা
আবর্জনা থেকে খাবার খোঁজে,
আমিও ঠিক তেমনি।

ক্ষুধার জ্বালায় এমন কিছু আমি ভক্ষণ করি,
যা আদৌ খাদ্য নয়।
মাংসাশী ক্ষুধার্ত বাঘ যেমন
ক্ষুধার তাড়নায় আর কিছুই দেখে না,
আমিও ঠিক তেমনি।
নিজের কাঁথা, কম্বল, বালিশের খোল —
ক্ষুধার উন্মাদনায়
খুবলে খুবলে ছিঁড়ে খাই।

আমি এতটাই ক্ষুধার্ত —
হয়তো কোনো একদিন
পুরো মানচিত্রটাই ছিঁড়ে খাব।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি অপরাধী মাজেদ পেয়েছেন সর্বমোট ৪ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ১৪


সুবর্ণরেখার পাড়ে আমি

মানস করমহাপাত্র

পড়ন্ত দুপুর।
সুবর্ণরেখার বুকের উপর
রোদটা সোনার মতো গলে পড়ছে।
আমি দাঁড়িয়ে আছি কাঠের নৌকোর গায়ে,
সামনে অনন্ত জল,
পেছনে থেমে থাকা দিন।

ঝাড়খণ্ডের নাগরি পাহাড় থেকে নেমে এসে
পশ্চিমবঙ্গ আর ওড়িশার সীমানা ছুঁয়ে
বঙ্গোপসাগরে নিজেকে মিশিয়ে দেয় যে নদী,
নাম তার সুবর্ণরেখা।
সোনার রেখার মতোই সে একসময় বয়ে নিয়ে যেত সোনা,
আর আজ বয়ে নিয়ে যায় আমার সব পুরনো গল্প।

নৌকোগুলো চুপচাপ শুয়ে আছে পাড়ে,
আমারই মতো।
কখনো ঢেউয়ের সাথে লড়াই,
কখনো পাড়ে বাঁধা অপেক্ষা।
জীবনটাও তো এমনই —
কখনো ভেসে যাওয়া,
কখনো তীরে আটকে থাকা।

হাওয়ায় ভাসে দূরের গাছের সারি,
ওপারে মাঠ,
এপারে আমার নীরবতা।
আমি ভাবি, এই জল কত যুগ দেখেছে।
সাঁওতাল পরগনার কান্না,
ব্রিটিশ আমলের জাহাজ,
জেলের জাল আর মাঝির গান।
সব ধুয়ে নিয়ে যায়,
তবু নিজে থেকে যায়।

আমার ভেতরের নদীটাও স্মৃতি বয়ে নিয়ে যায়।
মানুষ বদলে যায়,
তবু একই পাড়ে দাঁড়িয়ে থাকি।
কিছু দুঃখ, কিছু প্রাপ্তি, কিছু না-পাওয়া —
সব জমে জমে একটা চর হয়ে যায় বুকের মাঝে।

সূর্য হেলে পড়ছে পশ্চিমে।
জলের রং এখন আর সোনালি না,
একটু গাঢ়, একটু বিষণ্ণ।
ঠিক আমার মনের মতো।
তবু দাঁড়িয়ে থাকতে ভালো লাগে।

কারণ সুবর্ণরেখা শিখিয়েছে —
বয়ে যেতেই হবে।
থেমে গেলে পচে যাবে।
ক্ষত নিয়ে, ঘোলা জল নিয়ে,
সাগরের দিকে যেতেই হবে।

এই নদীর পাড়ে দাঁড়িয়ে
আমি নিজেকেই নতুন করে চিনি।
আমি নৌকোও, আমি পাড়ও।
আমি স্রোতও, আমি স্থবিরতাও।

পড়ন্ত দুপুর ফুরিয়ে আসে,
কিন্তু নদী থেকে যায়।
আর আমি…
আমিও থেকে যাই
এই সোনার রেখার টানে।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি মানস করমহাপাত্র পেয়েছেন সর্বমোট ৩ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ১৫


ধুলোর শরীরে আলোকচিহ্ন

আবরারুল হক মনির

কীভাবে আলো এসে ছুঁয়ে দেয় মৃত আসবাব,
কীভাবে সে চিনে নেয়
বহু বছর আগে বন্ধ হওয়া জানলার ফাটল —
এ এক আশ্চর্য নীরবতার ব্যাকরণ।
মেঝেতে জমে থাকা ধুলো
কোনো আবর্জনা নয়,
ওরা আসলে ঝরে পড়া সময়।
ওদের শরীরে এসে যখন
বিকেলের তির্যক রোদ পড়ে,
মনে হয় শূন্যতারও
নিজস্ব একটা মানচিত্র আছে,
যাকে কেবল আলোই পড়তে পারে।

যে ঘরে কেউ হাঁটে না,
সেখানে ধুলোরা কেমন নিঃশব্দে সংসার পাতে।
পুরোনো চিঠির হলদেটে খামে,
দেয়ালের গা থেকে খসে পড়া পলেস্তারায়,
আর সেই আয়নায় —
যেখানে অনেককাল কোনো মুখ প্রতিফলিত হয়নি।
ধুলো তো কেবল মাটি নয়;
ওতে মিশে আছে আমাদের খসে পড়া ত্বক,
পুরোনো উলের সোয়েটারের সুতো,
আর দীর্ঘশ্বাসের অদৃশ্য ভগ্নাংশ।

হঠাৎ একফালি রোদ এসে যখন ঠিকরে পড়ে
সেই ধুলোর স্তূপে,
আলোককণাগুলো যেন শূন্যে ভাসতে থাকে,
ছোট্ট, স্বাধীন, উজ্জ্বল নক্ষত্রের মতো।
তখন মনে হয়,
বিস্মৃতি মানেই তো মুছে যাওয়া নয়।
বিস্মৃতি হলো অন্ধকারের নিচে ঘুমিয়ে থাকা
এক অনন্ত অপেক্ষা,
যা শুধু একটুখানি আলোর জন্য বেঁচে থাকে।

আমি দেখেছি,
বাতিল হয়ে যাওয়া ক্যালেন্ডারের ওপর
কীভাবে রোদ আর ধুলো মিলে
তৈরি করে নতুন দিন।
যে ছবিটার রং জ্বলে গেছে বহু আগে,
তাতেও আলো পড়লে মনে হয় —
ফ্রেমের ভেতরের মানুষটা এইমাত্র চোখ খুলল।
আলো আসলে অতীতকে ফেরায় না,
সে শুধু মনে করিয়ে দেয়,
এখানে একদিন জীবন ছিল।

হালকা হাওয়া দিলে যখন ধুলোর শরীর কেঁপে ওঠে,
রোদ তখন দিক বদলায়।
স্থানচ্যুত হয় প্রাচীন ছায়া।
আমরা যারা এই স্মৃতির শহরে আজীবন নির্বাসিত,
আমরাও তো ওই ধুলোরই মতো।
অন্ধকারে পড়ে থাকি,
আর ভাবি কেউ আমাদের মনে রাখেনি।
অথচ কোথাও না কোথাও,
কোনো এক ফাটল দিয়ে
ঠিকই এসে পড়ে আলোকের চিহ্ন।

তারপর একদিন রোদ ফুরিয়ে যায়।
বিকেল গড়িয়ে নামে গাঢ়, নিরেট অন্ধকার।
আলো চলে যায় ঠিকই,
কিন্তু ধুলোর শরীরে রেখে যায় এক অদ্ভুত উত্তাপ।
যে উত্তাপ বুকে নিয়ে
পুরোনো ঘরগুলো অনায়াসে পার করে দেয়
আরও একশো বছরের একাকিত্ব।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি আবরারুল হক মনির পেয়েছেন সর্বমোট ৪ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ১৬


কবিতা

সুব্রত মুন্সী

সম্মুখে তুমি কেদারায় বসেছিলে,
চেষ্টা করিনি তোমার সামনে আসার,
মনের বাসনা সুপ্ত রেখে,
কোনো এক সভাঘরে,
মনে আকুলতা এসেছিল তোমাকে দেখার।

সামলেছি নিজেকে, আটকেছি মনোবাসনা,
সম্পর্কের ব্যবধান বেড়ে গিয়েছে,
কিন্তু মনের বন্ধন তো জীবিত আছে,
অন্ততঃ আমার তো বটে,
মনে আসে কত স্মৃতি, কত বঞ্চনা।

তুমি এসেছিলে কবিতার ডালি নিয়ে,
যে কবিতা লিখেছিলাম তোমার মুখ চেয়ে,
সর্বসমক্ষে সে কবিতা পাঠ করে দিলে,
দর্শক তারিফে উদ্বেলিত হয়ে গেলে,
আমি দেখে গেলাম অপার বিস্ময়ে।

আমন্ত্রণ ছিল আমারো কবিতা পাঠের আসরে,
ভেবেছিলাম গাইব আজ সেই কবিতার সুরে,
লিখেছিলাম যা, বাজি রেখে অন্তরাত্মা,
যা ছিল আমার প্রেমের উন্মত্ততা,
আজ সেই উন্মত্ততা বিলীন হয়েছে সাগরে।

ধীরে ধীরে উঠে আসি সবার অলক্ষ্যে,
যেন শক্তিশেল বুকে বিঁধে আছে,
সভা ছেড়ে দাঁড়াই উন্মুক্ত গগনতলে,
বুকে নিয়ে একরাশ অপমান,
কার ভুলে? হঠাৎ পিছনে তাকাই,
তুমি দাঁড়িয়ে পাশে।

কম্পিত অধরে, নত মস্তকে, তুমি কহিলে,
কোনো উপায় ছিল না, ক্ষমা করে দিও,
ভাবি নাই তুমি আজও আছো,
এখনও কবিতা লিখে চলেছো।

বললাম, ছাড়ো আমার কথা,
তুমি ভালো থেকো।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি সুব্রত মুন্সী পেয়েছেন সর্বমোট ৩৮ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ১৭


আলাপ

সন্দীপ গাঙ্গুলী

বর্ষাস্নাত শরৎ বিকালে,
বিদায়ী সূর্য হেঁটে চলে অস্তাচলে।
তার স্বেচ্ছা নির্বাসনকে,
নানা রঙে সম্ভাষণ জানায়
দীপ জ্বলা সন্ধ্যা।
ছায়াবৃত্তে ঘুরতে থাকে
অর্বাচীন সুখী গৃহকোণ,
কল্পনার ইজেলে বাস্পায়ন ঘিরে ধরে;
ভুল করেও দেখা হয়না আমাদের — বহুদিন।
একান্ত দিনযাপন ছুঁয়ে থাকে —
রিমিঝিমি গিরি শাওন।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি সন্দীপ গাঙ্গুলী পেয়েছেন সর্বমোট ৫ জন পাঠক / পাঠিকার উৎসাহ



কবিতা ১৮


একটা সন্ধ্যা

টিনটিন

বেলার ধূসর প্রতিচ্ছবি,
মনের মাঝে বাচালপনা।
বন্ধ দরজা, নির্জন রাত,
দিনের মাঝে সুদিন গোনা।
বনের ময়ূর টেবিল জুড়ে
খেলতে থাকে সভ্য সমাজ।
দুধটা বুঝি রোজ কেটে যায়?
পুষ্টি পায়নি বিড়ালছানা।

আকাশ-বাতাস তপ্ত গরম,
শীতল মনে শরীর খোঁজা।
গাছের ডালে দড়ি বেঁধে তাই
পিঠের মাঝে যমের বোঝা।
বোতল বিক্রি হলো সেই দিন,
খালি হলো তাই সিঁড়ির তলা।
ওজন কমার কারণ হলো
ফিসফিস করে সত্যি বলা।

বিড়ির গন্ধে বাড়ির জানলা
খুলল কবে নিজের থেকে?
জানলাটা কি অনেক দূরে?
ইটের দেয়ালে পিঠটা ঠেকে।
কাকের মুখে কিসের নাভি?
মৃত্যুটা কি শরীরে জমে?
মনের মৃত্যু কবেই হলো,
শরীরেরই খালি ওজন কমে।

দিনের আলো চামড়া জ্বালায়,
চোখদুটো যেন ঠিকরে বেরোয়।
পাশেই কামার লোহা পেটায়,
আর কী পাবে শুকনো ছায়ায়?
ঘড়ির কাঁটা মন্থর ছিল,
সময় দিল অনেকখানি।
সময় দিল জ্বলে যাওয়ার,
পুড়িয়ে দিল হাত দুখানি।

আবার কবে সন্ধ্যা হবে?
ঘুরতে যাবো নিজের সাথে।
আবার কবে মন ভরাবে?
মনের টাকা তো সংসারের খাতে।
প্রশ্ন করল দেয়ালের রং,
নীলটা কেন এত গাঢ়?
জবাব পেলাম গভীরতায়,
কষ্ট হয়েছে একটু তারও।

ভালো লাগলে উৎসাহ দিন
কবি টিনটিন পেয়েছেন সর্বমোট ১০ জন পাঠক / পাঠিকার উৎসাহ

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের কার্তিক ১৪৩৩ সংখ্যাটি ১ নভেম্বর ২০২৬ (১৪ই কার্তিক) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ অক্টোবরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
গঠনমূলক পরামর্শ দিন
মন্তব্যে আপনার মতামত জানান
0 0 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

মাসিক সংখ্যাগুলি দেখুন
Scroll to Top

‘উদ্যোগ’ ফোনে রাখুন

‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।