কলকাতার অলিগলি থেকে লন্ডনের ডকল্যান্ডস — সব জায়গায় এখন প্যান্ডেল বাঁধা চলছে, শিল্পীরা ব্যস্ত। শরতের কাশফুলে ভেসে ওঠা আবহ এখন কলকাতা থেকে লন্ডন-এসেক্স পর্যন্ত প্রবাসী পাড়ায় ছড়িয়ে পড়ছে। ছোটো পাড়ার উদ্যোগ থেকে মেগা প্যান্ডেল — সবখানেই উৎসবের সমান ব্যস্ততা।
আজ দুর্গাপূজা আর কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি বাঙালির গ্লোবাল হেরিটেজ। UNESCO স্বীকৃতি পাওয়া এই উৎসব এখন শিল্প, ঐতিহ্য আর সামাজিক মিলনের প্রতীক। পশ্চিমবঙ্গে বহু ভিন্নধর্মালম্বী মানুষও এ আয়োজনে যুক্ত — কেউ শিল্পী, কেউবা পুজো কমিটির দায়িত্বে।
এই সেপ্টেম্বরেই আমরা ফিরে দেখি মহানায়ক উত্তমকুমারকে। ৩ সেপ্টেম্বর ছিল তাঁর ৯৯তম জন্মদিন। ক্যারিয়ারের শুরুতে একের পর এক ফ্লপ ছবির জন্য পাওয়া "Flop Master General" তকমা তিনি ঝেড়ে ফেলেছিলেন অবলীলায় — হয়ে উঠেছিলেন সত্যজিতের 'নায়ক', আর বাঙালির অমোঘ মহানায়ক। তাঁর অভিনয় আজও প্রজন্মকে টানে। পুজোর ভিড়ের মধ্যে লাউডস্পিকারে তাঁর গান বাজতে শুরু করলে পথচারী এখনও গুনগুন করে ওঠে — "এই পথ যদি না শেষ হয়।"
কলকাতার পুজোর ভিড়ের আগে এক বড় স্বস্তি, আগস্টের শেষে যান্ত্রিক মেরামতের পর পুনরায় খুলেছে বিদ্যাসাগর সেতু। একই সঙ্গে সেপ্টেম্বরের বাতাস তুলনায় পরিষ্কার, যা নাগরিক জীবনে নতুন আশার বার্তা।
প্রকাশিত হলো — বাঙালি.নেটওয়ার্ক-এর ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের আশ্বিন ১৪৩২ সংখ্যা। ইতিহাস ও সংস্কৃতিচর্চা, সাহিত্য ও বিজ্ঞান, জীবনী থেকে অধ্যাত্ম, রিভিউ সহ নানা বিষয় — পাশাপাশি দুর্গোৎসবকে ঘিরে একগুচ্ছ লেখা। সব মিলিয়ে এই শরতের স্রোতে আপনাদের স্বাগত।
চলুন, একসাথে পড়ি, ভাবি, আর Glocal বাংলার জন্য Vocal হই।