২০২৬ সালের মার্চ মাসে সোনম ওয়াংচুকের মুক্তির খবরটা কেবল একটি ব্যক্তিগত আইনি জয় হিসেবে আসেনি। কয়েক মাস আটক থাকার পর তাঁর ফিরে আসা অনেকের কাছে স্বস্তির — কিন্তু তার সঙ্গে সঙ্গেই এক অস্বস্তিকর প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে: রাষ্ট্র আর নাগরিকের সম্পর্ক কি সত্যিই এত কঠিন?
আমরা অনেকেই তাঁকে চিনি '৩ ইডিয়টস'-এর 'র্যাঞ্চো'-র বাস্তব অনুপ্রেরণা হিসেবে। কিন্তু সত্যি বলতে, ওই পরিচয়টা যতটা জনপ্রিয়, ততটাই অসম্পূর্ণ। বাস্তবের ওয়াংচুক অনেক বেশি জটিল এবং গুরুত্বপূর্ণ। তাঁকে যদি শুধু "অদ্ভুত আইডিয়া দেওয়া একজন উদ্ভাবক" বলে ভাবি, তাহলে আসল জায়গাটাই মিস করব। লাদাখের মতো প্রতিকূল অঞ্চলে তিনি যে কাজটা করেছেন, সেটা মাটির কাছাকাছি থেকে মানুষের জীবন বদলানোর এক দীর্ঘ লড়াই।
একসময় লাদাখে স্কুল পাশের হার ছিল খুবই কম। বই ছিল, কিন্তু সেই পাঠ্যক্রম হিমালয়ের পরিবেশের সঙ্গে মানানসই ছিল না। সেখান থেকেই তিনি তৈরি করলেন SECMOL (Students' Educational and Cultural Movement of Ladakh) — যেখানে তথাকথিত 'ফেল করা' ছাত্ররাই হয়ে ওঠে উদ্ভাবক।
এরপর তিনি গড়ে তোলেন HIAL (Himalayan Institute of Alternatives, Ladakh) — যেখানে কৃত্রিম হিটার ছাড়াই, কেবল সৌরশক্তি ব্যবহার করে, মাইনাস তাপমাত্রাতেও ঘরের ভেতর ১৮–২০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বজায় রাখা সম্ভব। তাঁর কাছে শিক্ষা মানে কেবল ডিগ্রি নয় — বরং স্থানীয় সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করা।
ওয়াংচুকের সবচেয়ে পরিচিত উদ্ভাবনগুলোর মধ্যে একটি হলো Ice Stupa। শীতকালে যে অতিরিক্ত জল নষ্ট হয়ে বয়ে যায়, তাকে স্তূপাকারে বরফ করে জমিয়ে রাখা — যাতে বসন্তের শেষে, যখন চাষাবাদ শুরু হয় অথচ প্রাকৃতিক হিমবাহ গলা শুরু হয়নি, তখন সেই জল কাজে লাগানো যায়।
এই উদ্ভাবনের জন্য তিনি ২০১৬ সালে রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ এবং ২০১৮ সালে শিক্ষা ও সমাজ সংস্কারের জন্য রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
তাঁর একটি কথা আজ বিশ্বজুড়ে বারবার উদ্ধৃত হয় — "Gravity is our pump"। এটি কেবল প্রযুক্তির কথা নয়; এটি একটি দর্শন। যতটা সম্ভব প্রকৃতির নিয়মকে কাজে লাগানো, তার বিরুদ্ধে গিয়ে কৃত্রিম কিছু বানানোর আগে দু'বার ভাবা।
সাম্প্রতিক বিতর্কটা আসলে ওয়াংচুককে নিয়ে যতটা, তার থেকেও বেশি 'উন্নয়ন' শব্দটাকে নিয়ে। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা, পরিকাঠামো আর সংযোগের কথা বলা হচ্ছে। অন্যদিকে ওয়াংচুক এবং লাদাখবাসীর দাবি — উন্নয়ন যদি সেখানকার ভঙ্গুর বাস্তুতন্ত্রকেই নষ্ট করে দেয়, তবে সেই লাভ কার?
ওয়াংচুক আজ কেবল একজন মানুষ নন, তিনি একটি প্রতীক। কিন্তু প্রতীক বানানোর একটা ঝুঁকি আছে — তাতে আসল সংকট অনেক সময় আড়ালে চলে যায়। তিনি যা বলছেন, তা খুব জটিল কিছু না — "প্রকৃতির সঙ্গে লড়াই না করে, তার সঙ্গে তাল মিলিয়ে চলা।"
শুনতে সহজ। বাস্তবে কঠিন। আমরা যে দুনিয়ায় থাকি, সেখানে দ্রুত ফল চাই — আর প্রকৃতি ততটা তাড়াহুড়ো করে না।
আজ যখন জলবায়ু বদল আর জলসংকট খবরের কাগজের পাতা থেকে বেরিয়ে আমাদের দরজায় কড়া নাড়ছে, তখন লাদাখের এই লড়াই আর শুধুই লাদাখের থাকে না — তা আমাদের সবার হয়ে ওঠে।
আমরা অনেক সময় এমন মানুষদের প্রশ্নকে 'সমস্যা সৃষ্টিকারী' বলে পাশ কাটিয়ে যাই, যাঁরা আসলে ভবিষ্যতের সমস্যাগুলো আগেই দেখতে পান।
কিন্তু প্রশ্নটা খুব সোজা — আমরা কি এমন উন্নয়ন চাই, যেখানে মানুষ আর প্রকৃতি একসঙ্গে টিকে থাকবে? নাকি আমরা এমন এক পথে হাঁটছি, যেখানে উন্নয়নই একদিন সবচেয়ে বড় বিপর্যয়ে পরিণত হবে?
উত্তরটা আমাদেরই খুঁজতে হবে — কিন্তু সেই উত্তর খোঁজার সময়টা হয়তো আর খুব বেশি নেই।
রাষ্ট্রবিজ্ঞানে বি এ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এম বি এ ডিগ্রির অধিকারী বিনীতা পন্ডিত তাঁর স্কুলজীবন থেকেই পারিবারিক ব্যবসার সাথে যুক্ত। কন্সালটেন্সি, মিডিয়া, এডুকেশন সংক্রান্ত বিভিন্ন কোম্পানির তিনি ডিরেক্টর। ভালোবাসেন পরিবারের সাথে ট্যুরে যেতে। সুইজারল্যান্ড থেকে কাশ্মীর, ঘোরা আছে প্রায় সারা পৃথিবী।